আনোয়ারা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন এডহক কমিটি
দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোষিত ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
তারা বলেন, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু স্বাধীনতার পরও বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু জনগোষ্ঠী নিজেদের অধিকার, নিরাপত্তা ও সম্পদ রক্ষায় নানা সংকটের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে ৮ দফার বাস্তবায়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
গত ৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ ঐক্য পরিষদ কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আনোয়ারা উপজেলা শাখার জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সাগর মিত্র, অনুপ দাশ, প্রণব দাশগুপ্ত, হরিপদ চৌধুরী বাবুল, কল্লোল সেন, অধ্যাপক সুমন পাল, তাপস বল, দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাশ, যীশু দাশ, পলাশ মিত্র, কাজল বোস, কনক চৌধুরী, সাংবাদিক কাঞ্চন সুশীল, রামলাল দেবনাথসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, সাম্য ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভাটির দ্বিতীয় পর্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আনোয়ারা উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
তিন মাসের জন্য অনুমোদিত কমিটিতে বাবু হরিপদ চৌধুরী বাবুলকে আহ্বায়ক এবং বাবু যীশু দাশকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর মিত্র, অনুপ দাশ, কল্লোল সেন, কাজল বোস, জগন্নাথ সেন, রামলাল দেবনাথ, কনক চৌধুরী, মাস্টার সবুজ বড়ুয়া ও সাংবাদিক কাঞ্চন সুশীল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড় ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর যৌথ স্বাক্ষরে নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি আনোয়ারা উপজেলার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.