চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই) স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ব্রাঞ্চ চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় তলার একটি শ্রেণিকক্ষে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি) চুয়েটের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।
নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম। ভাইস চেয়ার (প্রশাসন) এস এম ফাহিম শাহরিয়ার, ভাইস চেয়ার (পরিচালনা) সাদিয়া আক্তার এবং ভাইস চেয়ার (কারিগরি) নাভিয়া হাসান নোভেলি।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যুলকার নাইন মিহাদ, কোষাধ্যক্ষ হিসেবে মীর জি. এইচ. এম. শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহিনা ইয়াসমিন রাহিন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহাগ তালুকদার দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত ব্রাঞ্চ চেয়ার প্রিয়ম চক্রবর্তী বলেন, “এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন চেয়ার হিসেবে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের জন্য আরও বেশি প্রযুক্তিগত শিক্ষা, নেতৃত্বের সুযোগ, পেশাগত উন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চ্যাপ্টারের ধারাবাহিক সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি নতুন কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমের পরিধি নিয়ে আলোচনা হয়। যন্ত্রকৌশল শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং পেশাগত উৎকর্ষ সাধনে এএসএমইর বিভিন্ন উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রিয়ম চক্রবর্তীর নেতৃত্বে নতুন কমিটি এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.