চ্যানেল ওম নিউজ ডেস্ক

খুলনার আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের সামনে কুন্ডু চন্দ্র বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন এলাকায় পঙ্কজ রায় (৫৮) নামে এক দলিল লেখককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় তার দুই পা ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত পঙ্কজ রায় শলুয়া এলাকার মৃত পুলিন কুমার রায়ের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পঙ্কজ রায় শলুয়া বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার দুই পা ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হামলার কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।