মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মন্দিরে সামরিক বাহিনীর বিমান হামলায় তিন নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি যুদ্ধবিমান থেকে বৌদ্ধ মন্দিরের প্রাঙ্গণে বোমা হামলা চালানো হয়।
স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বৌদ্ধদের বর্ষাবাস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে মঠ ও এর আশপাশের এলাকায় শতাধিক মানুষ অবস্থান করছিলেন। এ সময় হামলাকারী যুদ্ধবিমানটি প্রায় ১৫ মিনিটের ব্যবধানে দুটি বোমা নিক্ষেপ করে।
তবে মন্দিরে বিমান হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। জান্তা সরকার অবশ্য বরাবরই দাবি করে আসছে, তাদের সামরিক অভিযান কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই পরিচালিত হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সামরিক সরকারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন জাতিগত ও রাজনৈতিক গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.