গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু মহাসভা (সাবেক বাংলাদেশ হিন্দু লীগ)।
শুক্রবার এক যৌথ শুভেচ্ছা বার্তায় সংগঠনটির চেয়ারম্যান দীপক চন্দ্র গুপ্ত ও মহাসচিব সুনীল শুভ রায় এ অভিনন্দন জানান।
বার্তায় তারা বলেন, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দায়িত্বশীল ভূমিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে তারা প্রত্যাশা করেন।
তারা আরও বলেন, রাষ্ট্রপতি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের নন; তিনি রাষ্ট্রের সব নাগরিকের অভিভাবক ও জাতীয় ঐক্যের প্রতীক। তাই ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠী নির্বিশেষে প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার রক্ষায় রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাদের প্রত্যাশা।
বাংলাদেশ হিন্দু মহাসভার নেতৃবৃন্দ বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী দেশের সমান নাগরিক। তাদের জানমাল, ধর্মীয় স্বাধীনতা, উপাসনালয়ের নিরাপত্তা, সম্পত্তির অধিকার ও সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনের শাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বৈষম্যহীন, শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও সমঅধিকারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।
শুভেচ্ছা বার্তায় দীপক চন্দ্র গুপ্ত ও সুনীল শুভ রায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য এবং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে সাগর কর্মকার,দপ্তর সম্পাদক বাংলাদেশ হিন্দু মহাসভার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.