এক কোটি ৩৬ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ডুমুরিয়ার ইউএনও সবিতা সরকার
খুলনার ডুমুরিয়া উপজেলায় সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বাস্তবায়িত জোড়া খাল পুনঃখনন প্রকল্পে ব্যতিক্রমী স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় প্রকল্পের কাজ শেষ করে সাশ্রয় হওয়া ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
এ উদ্যোগের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার প্রশংসিত হয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পার্শ্ব (আশি ফুট পর্যন্ত) এবং সাহস ইউনিয়নের ডোলভাঙ্গা খাল থেকে কাঠবুনিয়া বড় দোয়ানে হয়ে তেলিখালি গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত—এই দুটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্পটির জন্য সরকার মোট ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৭৬৯ টাকা বরাদ্দ দেয়। খাল পুনঃখননের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই পাড়ে প্রায় ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফ হোসেন জানান, জেলা ও উপজেলা তদারকি কমিটির নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। শ্রমিকদের মজুরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিবহন ব্যয় পরিশোধের পর ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা অব্যবহৃত থাকে। আর্থিক বিধিমালা অনুসরণ করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তবে অতিবৃষ্টি ও মাটির প্রাকৃতিক জটিলতার কারণে রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা খালের নির্ধারিত ৭ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ১ কিলোমিটার অংশ খনন করা সম্ভব হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। খাল দুটি পুনঃখননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। এতে কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।
প্রকল্পের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ইউএনও সবিতা সরকার বলেন, ‘সরকারি প্রকল্পের প্রতিটি টাকা জনগণের আমানত। অর্থের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নিয়ম অনুযায়ী যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, কেবল ততটুকুর বিল পরিশোধ করে অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.