চ্যানেল ওম নিউজ ডেস্ক

রংপুর নগরীতে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় নিহত গণপতি চক্রবর্তী ও তাঁর ছেলে প্রিয়ম চক্রবর্তীর স্মরণে রংপুর জিলা স্কুলে প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় নিহত গণপতি চক্রবর্তী ও প্রিয়ম চক্রবর্তীর স্মৃতিচারণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রিয়ম চক্রবর্তী এ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্মরণসভা থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। তিনি একজন সজ্জন ও বিনয়ী মানুষ ছিলেন। তাঁর ছেলে প্রিয়ম চক্রবর্তী আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন।’

তিনি আরও বলেন, ‘গণপতি শিক্ষক-শিক্ষার্থী সবার কাছেই অত্যন্ত গ্রহণযোগ্য ছিলেন। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক। জেলা প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই এ বিষয়ে কাজ করছে। আমরা দ্রুত বিচার চাই এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।’

স্মরণসভায় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরাও বক্তব্য দেন।