আন্তর্জাতিক নিউজ ডেস্ক

বাংলাদেশে সম্প্রতি হিন্দু পরিবারকে লক্ষ্য করে হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু পরিবারকে ‘ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু’ করে হামলার অভিযোগ এবং এসব ঘটনায় বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ ক্ষেত্রে সরকারকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে এক সাংবাদিক বাংলাদেশে মানবিক সংকটের পাশাপাশি হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলার অভিযোগ তুলে ধরেন। এসব ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে।