রংপুর হত্যাকাণ্ড: ডিবি হেফাজত থেকে মুচলেকায় ছাড়া সিদ্ধার্থের বাবা-ভাই
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘বিকালে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। যেহেতু পুলিশ তাঁদের এনেছিল, ফলে তাঁদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
এর আগে মঙ্গলবার সিদ্ধার্থের বন্ধু মুগ্ধ ও সীমান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। পুলিশের দাবি, ঘটনার রাতে সিদ্ধার্থ, মুগ্ধ ও সীমান্ত একসঙ্গে ইয়াবা সেবন করেছিলেন।
এদিকে বুধবার রাতে সিদ্ধার্থ দাসের বড় ভাই পার্থ দাস অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদ পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করা হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলামত নষ্ট করার উদ্দেশ্যে ছাদ ধোয়া হয়নি। ভুল করে মোটরের সুইচ চালু হয়ে যাওয়ায় ট্যাংক থেকে পানি উপচে পড়ে ছাদ ভিজে যায়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.