অংকন ধর

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী ‘এলিগেন্স আর্ট আয়োজিত শারদ মেলা ২০২৬’। গত ১৭, ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর নগরীর হাফিজ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এবং এ মেলায় অংশ নেন মোট ৫৫ জন নারী উদ্যোক্তা।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করে আসছে এলিগেন্স আর্ট। উল্লেখ্য যে এলিগ্যান্স আর্ট একটি বিউটি সেলুন যা "রূপচর্চা হোক সাধ্যের মধ্যে" স্লোগানে চট্রগ্রাম শহরের চেড়াগী পাহাড় মোড়ে প্রতিষ্ঠিত। নারী উদ্যোক্তাদের নিজেদের উদ্যোগ ও পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি শারদীয় উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সময়ের সঙ্গে এ মেলা নারী উদ্যোক্তাদের জন্য একটি পরিচিত ও ব্যবসায় সফল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এবারের মেলার সভাপতি ছিলেন ইষা ধর মনি, তাঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আবুল হাসেম বক্কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক শুক্লা ইফতেখার চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক নাজরিন কামাল এবং অর্পণচরণ প্রাক্তন ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক সাফিয়া রহমান স্বাতী। মেলায় চট্টগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিতে ৪ দিনের এই মেলা ছিল আনন্দমুখর।

মেলায় বিভিন্ন ধরনের পণ্য ও উদ্যোগ নিয়ে অংশ নেন ৫৫ জন নারী উদ্যোক্তা, তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় গান, ম্যাজিক শো ও নৃত্য পরিবেশনা। এসব আয়োজন ঘিরে প্রতিদিনই মেলা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারীরা এখন পরিবার ও সমাজের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নিজেদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অনেক নারী সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের উদ্যোগকে উৎসাহিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

মেলার বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন হিমেল ধর, বর্ণী চক্রবর্তী ও ব্রততী কর। তাঁদের উপস্থাপনায় অতিথি বরণ, উদ্যোক্তাদের পরিচিতি, সাংস্কৃতিক ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

মেলার সহযোগী হিসেবে ছিল চেরাগী চক ও কুইজিন। মেলার ইন্টেরিয়র ও ফটোগ্রাফির দায়িত্বে ছিল এলিসিও ও স্টুডিও এলিসিও। মেলার বিভিন্ন মুহূর্ত, উদ্যোক্তা ও দর্শনার্থীদের উপস্থিতি ফটো ও ভিডিওগ্রাফির মাধ্যমে ধারণ করা হয়।

চট্টগ্রাম শহরের শারদ মেলার প্রবক্তা এবং মেলার সভাপতি ইষা ধর মনি বলেন, ২০২২ সাল থেকে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য নারী উদ্যোক্তাদের নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ তৈরি করা। পাশাপাশি শারদীয় উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর মেলায় সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন রাখা হয়।

এবারের মেলায় ৫৫ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণের পাশাপাশি সংগীতানুষ্ঠান, ম্যাজিক ও নৃত্য পরিবেশনা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। সংগীতানুষ্ঠান পরিবেশনায় ছিল অন্তু দত্ত, চিত্রা নন্দী, উত্তম বড়ুয়া, নয়ন, ইমু ধর, তিথী ধর সহ আরো অনেকে। ছিল শিপন বিশ্বাসের ডিজে পরিবেশনা ও ম্যাজিক ম্যান রাজবীরের অসাধারণ জাদু পরিবেশনা। উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী ‘এলিগেন্স আর্ট আয়োজিত শারদ মেলা ২০২৬’ শেষ হয় উৎসবমুখর পরিবেশে।