শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এবার চট্টগ্রামজুড়ে ২ হাজার ৫৬৮টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ২৯৪টি এবং জেলার ১৫টি উপজেলায় ২ হাজার ২৭৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, জেলার মোট পূজার মধ্যে ১ হাজার ৬৫৫টি প্রতিমা পূজা এবং ৬১৯টি ঘট পূজা। গত বছরের তুলনায় এবার জেলায় পূজার সংখ্যা বেড়েছে ৭২টি। একই সময়ে চট্টগ্রাম মহানগরে পূজা বেড়েছে দুটি।
জেলা পূজা উদযাপন পরিষদের তালিকা অনুযায়ী, দক্ষিণ চট্টগ্রামের আট উপজেলায় এবার মোট ১ হাজার ৩৯৬টি পূজার আয়োজন রয়েছে। এর মধ্যে ৭৯৬টি প্রতিমা পূজা এবং ৬০০টি ঘট পূজা।
অন্যদিকে উত্তর চট্টগ্রামের সাত উপজেলায় মোট ৮৭৮টি পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রতিমা পূজা ৮৫৯টি এবং ঘট পূজা ১৯টি।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ জানান, মোট পূজার সংখ্যার হিসাবে দক্ষিণ চট্টগ্রামে আয়োজন বেশি। তবে প্রতিমা পূজার সংখ্যায় এগিয়ে রয়েছে উত্তর চট্টগ্রাম। বিপরীতে ঘট পূজার ক্ষেত্রে দক্ষিণ চট্টগ্রামে আয়োজনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.