চ্যানেল ওম নিউজ ডেস্ক
অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দির আজ আবারও সাক্ষী হলো এক ঐতিহাসিক ও ধর্মীয় গৌরবময় মুহূর্তের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ হাতে স্থাপন করলেন ১৯১ ফিট উচ্চতার গৈরিক ধর্মধ্বজা—যা অলঙ্কৃত হয়েছে ওঙ্কার, সূর্য দেবতা, এবং কোভিদ বৃক্ষের প্রতীকে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা অযোধ্যা ভরে ওঠে এক পবিত্র, ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশে।

সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ মুখরিত ছিল বেদমন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি এবং ধূপ-ধুনোর সুগন্ধে। উপস্থিত ছিলেন ভক্ত, সন্ন্যাসী, দেশ-বিদেশের অতিথি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতারা এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের শীর্ষ কর্মকর্তারা।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ধ্বজা উত্তোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন—

“এই গৈরিক ধ্বজা কেবল একটি পতাকা নয়, এটি ভারতের আত্মা—সনাতন ধর্মের শাশ্বত চেতনা ও ভগবান রামের আদর্শের প্রতীক। শতাব্দীর সংগ্রামের পর আজ এই পবিত্র ধ্বজা বিশ্বের কোটি ভক্তের বিশ্বাসকে নতুন শক্তি দিচ্ছে।”

মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন,
“গৈরিক রং ত্যাগ, ভক্তি ও জ্ঞানের প্রতীক। আজকের এই শুভক্ষণে অযোধ্যার আকাশ পবিত্র হয়ে উঠেছে রামের নামধ্বনি ও এই ধর্মধ্বজার দীপ্তিতে।”

অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক আয়োজনে ভগবান রামকে কেন্দ্র করে ভজন, নৃত্য ও সংগীত পরিবেশন করেন দেশ-বিদেশের শিল্পীরা। সন্ধ্যায় অযোধ্যার সর্বত্র প্রদীপ প্রজ্বালনে রামনগরী যেন আবার ফিরে যায় ত্রেতা যুগের মাহাত্ম্যে।

১৯১ ফিট উচ্চতার এই ধর্মধ্বজা প্রতীকীভাবে নির্দেশ করে অষ্টাদশ পুরাণ ও এক ব্রহ্ম জ্ঞানের সম্মিলিত শক্তি। বিশেষ প্রকৌশল কাঠামোতে নির্মিত ধ্বজাটি ঝড়-ঝঞ্ঝাতেও অটল থাকবে—যেমন অটল ভগবান রামের ধর্মপথ।